সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস
![]()
# সংশোধিত আইনে কোম্পানির মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের বিধান
নিজস্ব প্রতিবেদক
সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোম্পানির মাধ্যমে স্বাস্থ্যসেবা পরিচালনার বিধান রেখে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র, পররাষ্ট্রসহ ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে।
গতকাল সোমবার ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের ২৩তম দিনে সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ সংযোজন করে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে গত ২৮ জুন বিলটি সংসদে উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছিল।
সংশোধিত আইনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানি আইন, ১৯৯৪-এর আওতায় লাভজনক বা অলাভজনক কোম্পানি গঠনের সুযোগ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ার অধিগ্রহণ, ধারণ ও হস্তান্তরের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় পাবে। কোম্পানি থেকে অর্জিত লভ্যাংশ, ইজারা, লাইসেন্স ফি ও অন্যান্য আয় বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণায় ব্যয় করা হবে।
বিরোধী দলের সদস্যরা এ বিধানকে সরকারি স্বাস্থ্যসেবার বেসরকারিকরণের পদক্ষেপ উল্লেখ করে আপত্তি জানান। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৮ কোটি মানুষের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল কার্যকরভাবে পরিচালনার জন্য এ আইন প্রয়োজন। এর মাধ্যমে দক্ষ ব্যবস্থাপনা, জনবল নিয়োগ এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।
এদিকে গতকাল অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক, শিল্প, বাণিজ্য, পানিসম্পদ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে তা অনুমোদন করেন।
বিষয়: #বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
