শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট, বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মীর শাহে আলম
তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট, বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তৃণমূল মানুষের জীবনমান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বাজেট বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই; দুর্নীতি ও অর্থপাচার রোধ করা গেলে এ বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের কর কমানো হয়েছে, ফলে বাজারে দাম বাড়ার চাপ সৃষ্টি হয়নি। খাদ্যপণ্য, কৃষিপণ্য, মাছ, মাংস, ভোজ্যতেল, চিনি, দুধসহ দৈনন্দিন পণ্যে কর রেয়াত জনগণের জীবনযাত্রার ব্যয় কমাবে।
স্বাস্থ্য খাতে হৃদরোগের রিং, ডায়ালাইসিস ও ওষুধ শিল্পের ১৭টি কাঁচামালের শুল্ক কমানোয় চিকিৎসা ব্যয় হ্রাস পাবে বলেও তিনি জানান। তিনি জানান, কৃষক কার্ডের জন্য ১ হাজার ৬২ কোটি টাকা এবং প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে ১২ হাজার ৩৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জন্য ৪০ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ, ৯ হাজার কিলোমিটার সংস্কার, ২৩ হাজার মিটার সেতু-কালভার্ট, ৫৫টি সাইক্লোন সেন্টার উন্নয়ন, ১ লাখ ২০ হাজার নলকূপ স্থাপনসহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যেও বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
বিরোধী দলের সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, অতীতের অর্থপাচারের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বিষয়: #তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট #বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মীর শাহে আলম





উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে চাই’: আহমেদ আযম খান
তিন জেলায় নতুন এসপি: পুলিশে বড় রদবদল 
