সোমবার ● ২২ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় সংসদ ভবনে ফাটল নিয়ে এমপিদের উদ্বেগ, দ্রুত সংস্কারের দাবি
জাতীয় সংসদ ভবনে ফাটল নিয়ে এমপিদের উদ্বেগ, দ্রুত সংস্কারের দাবি
![]()
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়া, ছাদ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়া এবং অবকাঠামোগত ত্রুটি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন এক সংসদ সদস্য। এ ঘটনায় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ উত্থাপন করা হয়েছে।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিষয়টি সংসদে উপস্থাপন করেন।
শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ নোটিশে উল্লেখ করেন, দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ভবনের ছাদ ও অন্যান্য স্থান দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে, যা ভবনের অবকাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা, মর্যাদা ও কার্যকারিতা অক্ষুণ্ণ রাখতে দ্রুত সংস্কার কার্যক্রম হাতে নেওয়া জরুরি। একই সঙ্গে ভবনের সার্বিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্পিকারের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
তবে তিনি বলেন, বিষয়টি সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট হওয়ায় কার্যপ্রণালী বিধির ৫৪(৩) অনুযায়ী এটিকে আনুষ্ঠানিকভাবে বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসেবে গ্রহণ করা হয়নি।
স্পিকার আরও জানান, চলতি বাজেট অধিবেশনে এখন পর্যন্ত মোট ছয়টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে চারটির বিষয়ে ইতোমধ্যে সংসদকে সিদ্ধান্ত জানানো হয়েছে।
সংসদ টিভিতে এমপিদের পরিচয় প্রদর্শনের দাবি
একই দিনে জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ অধিবেশনের টেলিভিশন সম্প্রচারে সদস্যদের নাম ও নির্বাচনী এলাকার পরিচয় প্রদর্শনের দাবি জানান।
তিনি বলেন, বর্তমানে সংসদ অধিবেশনের সম্প্রচারে সদস্যদের বক্তব্য ও চেহারা দেখা গেলেও তাদের পরিচয় অনেক সময় সাধারণ দর্শকের কাছে স্পষ্ট হয় না। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের যোগাযোগ ও পরিচিতি সীমিত হয়ে পড়ে।
মুজিবুর রহমানের প্রস্তাবকে যৌক্তিক বলে মন্তব্য করেন স্পিকার। তিনি সংসদ সচিবালয়কে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তবে এই নোটিশটিও কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিশেষ অধিকারের আওতাভুক্ত নয় বলে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।
সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন আলোচনা
জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে ফাটল ও পানি চুইয়ে পড়ার বিষয়টি সামনে আসায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যের অন্যতম প্রতীক। তাই ভবনের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও আধুনিক রক্ষণাবেক্ষণে বিশেষ পরিকল্পনা গ্রহণ জরুরি।
বিষয়: #জাতীয় সংসদ ভবনে ফাটল নিয়ে এমপিদের উদ্বেগ #দ্রুত সংস্কারের দাবি





আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার
১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
‘জুলাই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বাংলাদেশ গঠনের প্রেরণা’
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন
জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী 
