সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রচ্ছদ » অর্থনীতি » অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে উত্থাপন
![]()
নিজস্ব প্রতিবেদক
অর্থনীতি পুনর্গঠন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলা, সরকারি অপচয় রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট উত্থাপন করা হয়েছে। দুই লাখ কোটি টাকার বাজেট ঘাটতি, ২৭টি মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত ৫৬ হাজার কোটি টাকার বরাদ্দ এবং ২০ জন সংসদ সদস্যের ৩০৪টি ছাঁটাই প্রস্তাবকে কেন্দ্র করে গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিনে প্রাণবন্ত আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন, প্রশাসনে রাজনৈতিক প্রভাব, নারী-শিশু সুরক্ষা এবং কূটনৈতিক ইস্যু নিয়েও সরব ছিলেন সংসদ সদস্যরা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে সম্পূরক বাজেট উপস্থাপন করে বলেন, বৈশ্বিক অস্থিরতা, অর্থনীতির অভ্যন্তরীণ দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন এবং প্রশাসনিক মিতব্যয়িতা নিশ্চিতের উদ্যোগ অব্যাহত রয়েছে।
তিনি জানান, চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারের নিট ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে নির্বাচন-পূর্ব সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গতি মন্থর হওয়ায় সংশোধিত বাজেটে ব্যয় কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাজেট ঘাটতি রাখা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশ।
সম্পূরক বাজেটে ২৭টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে। বিপরীতে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানো হয়েছে ৫৯ হাজার ৩৪৮ কোটি ৬৭ লাখ টাকা। অর্থ বিভাগে সর্বোচ্চ ২৩ হাজার ৬৫৫ কোটি টাকা, পরিকল্পনা বিভাগে ১২ হাজার ৪০৮ কোটি টাকা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রায় ১ হাজার ৬৯১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, এবারের সম্পূরক বাজেটে মোট ২৫টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দলের ২০ জন সদস্য ৩০৪টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ দিয়েছেন। অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ আটটি মন্ত্রণালয়ের বিভিন্ন খাত নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশনের ৭ম দিন >
▪ ২ লাখ কোটি টাকার বাজেট ঘাটতি, ২০ এমপির ৩০৪টি ছাঁটাই প্রস্তাব
▪ ২৭ মন্ত্রণালয়ে ৫৬ হাজার কোটি টাকার বাড়তি বরাদ্দ, কমেছে ৩৫ মন্ত্রণালয়ের বরাদ্দ
▪ সামষ্টিক অর্থনৈতিক সংকট ও ডিসি নিয়োগ নিয়ে সংসদে এমপিদের ক্ষোভ
▪ স্থানীয় সরকার নির্বাচন কবে, আওয়ামী লীগ কী অংশ নিতে পারবে—জানতে চাইলেন রুমিন ফারহানা
▪ নারী-শিশু সুরক্ষায় ৪১ হাজার ৫৫৫টি ডিএনএ প্রোফাইলিং
▪ বিয়ের নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্মসনদ
ছাঁটাই প্রস্তাবের আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দেশের সামষ্টিক অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে, খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এমন পরিস্থিতিতে সরকার কীভাবে এই বাজেট বাস্তবায়ন করবে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি। প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচন কবে হবে এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এসব নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা নিয়ে জনমনে ধোঁয়াশা রয়েছে।
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার যে সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছাবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে।
এসময় জেলা প্রশাসক নিয়োগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের অনেকেই দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত এবং নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে ডিসিদের মাধ্যমে জেলা প্রশাসন পরিচালনা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করা হয়। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান এ ঘটনায় ৩০০ বিধিতে সরকারের ব্যাখ্যা দাবি করেন এবং বিষয়টিকে কূটনৈতিকভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
সংসদে নারী ও শিশু সুরক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি জানান, জাতীয় ফরেনসিক ডিএনএ ল্যাব এবং সাতটি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবের মাধ্যমে এ পর্যন্ত ৪১ হাজার ৫৫৫টি নমুনার ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং ৯৫টি সাপোর্ট সেন্টারের মাধ্যমে প্রায় আড়াই লাখ নারী ও শিশুকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাল্যবিয়ে প্রতিরোধে ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’ সংশোধন করে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হচ্ছে। জাল জন্মসনদের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে রেলপথ ও সড়ক নিরাপত্তা বিষয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বাংলাদেশ রেলওয়ের পুরোনো ও অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না। এগুলো বাঁধ সুরক্ষা, অবৈধ লেভেল ক্রসিংয়ে বেড়া নির্মাণ এবং অন্যান্য নিরাপত্তামূলক কাজে পুনর্ব্যবহার করা হয়।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, স্পিডব্রেকার নির্মাণ এবং পেশাদার চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে আরও জানানো হয়, দেশে বর্তমানে বিআরটিএ নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ।
দিনব্যাপী আলোচনায় অর্থনৈতিক সংকট মোকাবিলা, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, প্রশাসনিক জবাবদিহিতা, স্থানীয় সরকার নির্বাচন এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের কাছে আরও কার্যকর উদ্যোগের দাবি জানান সংসদ সদস্যরা।
বিষয়: #অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় গুরুত্





রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা
ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে
পুনরায় বিএসইসি’র নেতৃত্ব পেতে মরিয়া বিতর্কিত ড. তারিকুজ্জামান
৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের রিজার্ভ
মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম
সোনার দামে বড় পতন 
