শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
প্রচ্ছদ » জাতীয় » সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
৫ বার পঠিত
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন

---

  • ৩১ একর জমিতে ১৪টি ১২ তলা ভবন, পার্কিংয়ে থাকবে ৩৮০০ গাড়ির ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩১ একর জমিতে সরকারি অর্থায়নে নির্মিতব্য এই সচিবালয়ে ২০২৯ সালের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পের ব্যয় এখনো চূড়ান্ত হয়নি।

রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সরকারের কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, নতুন সচিবালয়ে থাকবে ১৪টি ১২ তলা ভবন, দুটি মসজিদ, বহুমুখী মিলনায়তন, ক্যাফেটেরিয়া ও ডাকঘর। বেজমেন্টসহ প্রায় ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নির্মাণ করা হবে ভূগর্ভস্থ সড়ক ও আন্ডারপাস। তবে প্রকল্পের মোট ব্যয় নির্ধারণে এখনো হিসাব-নিকাশ চলছে।

বর্তমান সচিবালয়ের জায়গার ভবিষ্যৎ ব্যবহার সম্পর্কে নাসিমুল গণি বলেন, পুরান ঢাকার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, আদালত ও বিচার-সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান সেখানে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় আসতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে

মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ বিভাগের যাচাই শেষে অধ্যাদেশটি জারি করা হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারি ও বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ তৈরির জন্য অধ্যাদেশটি করা হচ্ছে। এতে পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) ও মূলধনি ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স)—দুই ধরনের মডেলে প্রকল্প বাস্তবায়নের সুযোগ থাকবে।

বিষাক্ত রাসায়নিক আমদানিতে সতর্কতা

বৈঠকে বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যে পূর্ব অবহিত সম্মতি পদ্ধতিবিষয়ক রটারডাম কনভেনশনে বাংলাদেশের যোগদানের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এর ফলে ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক আমদানির আগে সেগুলোর ঝুঁকি সম্পর্কে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া জাতীয় সংসদ ভবনের নকশার মূল ধারণা অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, স্থপতি লুই আই কানের মূল নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সংযোজনের পরিকল্পনা করা হয়েছে। তবে বৈদ্যুতিক, স্থাপত্য, প্রকৌশল ও অন্যান্য বিস্তারিত নকশার কাজ এখনো বাকি রয়েছে। এসব বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী কাজ এগিয়ে নেওয়া হবে।



বিষয়: #  #



আর্কাইভ