শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
প্রচ্ছদ » জাতীয় » আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
৭ বার পঠিত
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

---

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য খাতে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে সংঘটিত দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে হাসপাতালের আউটসোর্সিং পদ্ধতি বাদ দিয়ে শূন্যপদে দ্রুত নিয়মিত জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংসদ ও বাসসের তথ্য অনুযায়ী, বৈঠকে মন্ত্রণালয়ের জনবল, সাংগঠনিক কাঠামো, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আওয়ামী লীগ সরকারের সময়ে, বিশেষ করে করোনাকালে স্বাস্থ্য খাতে কেনাকাটা নিয়ে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়টি গুরুত্ব পায়। পিপিই, টিকা কেনা ও পরীক্ষার প্রতিবেদন দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ওঠা অভিযোগ যাচাই করে তদন্ত প্রতিবেদন তৈরির সুপারিশ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

কমিটির সদস্য ইকরামুল বারী টিপু বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে, বিশেষ করে করোনাকালে সংঘটিত দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না ঘটে, সে জন্য দৃষ্টান্ত স্থাপনের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ নিয়েও আলোচনা হয়। সূত্র জানায়, ঠিকাদারের মাধ্যমে নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। এ পদ্ধতি বাদ দিয়ে শূন্যপদে নিয়মিতভাবে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে। চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও কমিটি গুরুত্ব দিয়েছে।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিধি বাড়ানো এবং জেলা হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস, ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বিভিন্ন ধরনের টিকার মজুত পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম জোরদারের বিষয়েও সুপারিশ করেছে কমিটি। সর্বোপরি চিকিৎসাব্যবস্থার মান উন্নয়নে আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।



বিষয়: #



আর্কাইভ