শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি
প্রচ্ছদ » জাতীয় » ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি
১ বার পঠিত
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি

---

# শিক্ষক মূল্যায়ন, ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ ও জিন্নাহ-মালেকের ছবি নিয়ে তদন্ত

ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া শিক্ষক মূল্যায়ন কার্যক্রম চালু, ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। কমিটিগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এসব বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘ডিইউ ইভ্যালুয়েশন’ ওয়েবসাইট নিয়ে তদন্ত

ডাকসুর উদ্যোগে ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু করে শিক্ষক মূল্যায়নের কার্যক্রম পরিচালনার বিষয়টি তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন এবং আইকিউএসি-এর পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপন

বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আইন ও বিধান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাকসু ভবনের পশ্চিম পাশে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানীকে। সদস্য হিসেবে রয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং প্রক্টর ইসরাফীল প্রাং। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা মোস্তারিকে সদস্য-সচিব করা হয়েছে।

জিন্নাহ-মালেকের ছবি টানানোর অভিযোগ

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনাও তদন্ত করবে পৃথক পাঁচ সদস্যের কমিটি।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে। কমিটির সদস্য হিসেবে থাকবেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তিন কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতেই সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



বিষয়: #



আর্কাইভ