শিরোনাম:
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রচ্ছদ » জাতীয় » প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
১৭ বার পঠিত
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে

# সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ই-পাসপোর্টের জটিলতা, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের অপহরণ ও নির্যাতন, দালাল চক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়সহ প্রবাসীদের নানা সমস্যা সমাধানে সংসদে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ নোটিশটি দেন।

নোটিশে ই-পাসপোর্টের জটিলতা নিরসন, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন বন্ধ, দালাল চক্রের প্রতারণা রোধ, দক্ষ জনশক্তি তৈরি, গামকা মেডিকেল পরীক্ষায় অনিয়ম বন্ধ এবং বিএমইটির দুর্নীতি প্রতিরোধের দাবি জানানো হয়। পাশাপাশি অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, বিদেশ যেতে অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো, দূতাবাস থেকে সরাসরি সহায়তা এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের সরকারি সহায়তা নিশ্চিত করার দাবিও ওঠে।

জবাবে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, নোটিশে প্রবাসীদের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা চিহ্নিত করতে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে গবেষণা ও স্টাডি করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসীদের সমস্যাগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি প্রস্তুতের উদ্যোগও নেওয়া হয়েছে। অনলাইনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে কর্মীর চাহিদা নেওয়া হচ্ছে। পরে সেই চাহিদার ভিত্তিতে ‘ডিমান্ড ম্যাপিং’ করে প্রয়োজনীয় জনশক্তি প্রস্তুত করা হচ্ছে।

ই-পাসপোর্ট জটিলতা নিরসনের দাবি

নোটিশদাতা মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করছে। অথচ ই-পাসপোর্টে এনআইডি বা জন্মনিবন্ধনের তথ্যের সামান্য অসঙ্গতির কারণে অনেকের পাসপোর্ট আটকে যাচ্ছে। এতে ইকামা নবায়ন ও ব্যাংকিং সেবাও ব্যাহত হচ্ছে।

তিনি দূতাবাসগুলোতে বিশেষ ই-পাসপোর্ট সেল চালু, পুরোনো এমআরপি পাসপোর্টের ধারাবাহিকতা রেখে নবায়ন, অপহরণ ও নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা এবং প্রতারিত প্রবাসীদের আইনি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানান।

একই সঙ্গে মেডিকেল পরীক্ষার অনিয়ম বন্ধ, বিএমইটি ও রিক্রুটিং এজেন্সির দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।






আর্কাইভ