রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস
সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস
![]()
নিজস্ব প্রতিবেদক
সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলেও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগের অধিকার সংরক্ষণ করতে পারবেন বাবা-মা। এ সুযোগ রেখে ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। তবে বিল পাসের আগে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বিলটিকে বাবা-মায়ের সম্পত্তিগত অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
বিলে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ তাদের সন্তান বা নাতি-নাতনিকে, অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। একইভাবে দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতার মৃত্যু হলে, আইন অনুযায়ী সম্পত্তির ভোগাধিকার ও মালিকানা গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।
আইনমন্ত্রী বিলটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতির বিধান থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের একটি স্বতন্ত্র পদ্ধতি চালু হবে।
তিনি বলেন, নতুন বিধানটি সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। এর ফলে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা কিংবা আইন দ্বারা স্বীকৃত অন্য কোনো ধরনের সম্পত্তি হস্তান্তরের ওপর কোনো প্রভাব পড়বে না এবং সাংঘর্ষিক পরিস্থিতিও সৃষ্টি হবে না।
বিরোধী দলের আপত্তি
তবে বিলটি নিয়ে আপত্তি জানিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দাবি করেন, প্রস্তাবিত আইনটি কোরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থি। তিনি বিলটি সংসদে পাস না করার জন্য জোরালো দাবি জানান।
তিনি অভিযোগ করেন, দেশের ৯৫ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন পাস না করার বিষয়ে সরকারের পক্ষ থেকে আগে যে অঙ্গীকার করা হয়েছিল, এই বিল পাসের মাধ্যমে তা ভঙ্গ করা হচ্ছে।
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আরও বলেন, দেশের প্রখ্যাত আলেম-ওলামাদের কেউ কেউ মনে করেন, আজীবন ভোগদখলের অধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের সুযোগ রাখা হলে তা ইসলামী আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এর মাধ্যমে ইসলামে নির্ধারিত মিরাস বা উত্তরাধিকার ব্যবস্থাকে পাশ কাটানোর আশঙ্কাও রয়েছে।
বিল পাসের আগে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন। পরে সরকারি দলের সদস্যরা বিলটির পক্ষে সমর্থন জানান এবং বাবা-মায়ের জীবনকালীন সম্পত্তি ভোগের অধিকার নিশ্চিত করার উদ্যোগ হিসেবে এর গুরুত্ব তুলে ধরেন।
বিষয়: #সম্পত্তি দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সং





সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: সংসদে আইনমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল সংসদে পাস
সম্পত্তি হস্তান্তর বিলের ওপর আলোচনায় উত্তপ্ত সংসদ 
