শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ
প্রচ্ছদ » জাতীয় » কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ
৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ

---

নিজস্ব প্রতিবেদক

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা কমাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপনকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতের আওতায় এ কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। এর ফলে প্রায় ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের হিসাব অনুযায়ী, এ কর্মসূচির আওতায় প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সরকারি বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কৃষকদের সুদসহ মোট পাওনা প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এই কর্মসূচির আওতায় আসবে।

সরকার মনে করছে, ঋণমুক্তির এ উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নতুন করে কৃষিকাজে উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির জন্যও বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ফসল উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ২ হাজার ৭৪৯ কোটি ১০ লাখ টাকা, বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে ৮৪৯ কোটি ৪৮ লাখ টাকা, কৃষিপণ্যের বিপণন ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা সম্প্রসারণে ৬০ কোটি ৫২ লাখ টাকা এবং কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সার, বীজ ও অনুদান সহায়তায় ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, কৃষিঋণ মওকুফের পাশাপাশি ভর্তুকি মূল্যে সার সরবরাহ এবং উত্তরাঞ্চলসহ সম্ভাবনাময় এলাকায় বিশেষায়িত কৃষি রফতানি অঞ্চল গড়ে তোলার মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার এসব পদক্ষেপ নিচ্ছে। কৃষি খাতকে আরও শক্তিশালী ও লাভজনক করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।



বিষয়: #



আর্কাইভ