বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি
প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে তার কার্যালয়ে তিনি অর্থবিলে স্বাক্ষর করেন।
এর আগে একই দিনে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকে ঋণ ও সহায়তা নেওয়ার পরিকল্পনা করেছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আগামী অর্থবছরের জন্য দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সাংবিধানিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখন বাজেট প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে আলোচনা শেষে তা পাসের জন্য উপস্থাপন করা হবে।
বিষয়: #প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি





ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সাংবিধানিক বিতর্ক
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২ 
