রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
সংসদে হাসনাত আবদুল্লাহ
![]()
# নির্মূল, দমন-পীড়নের রাজনীতি বন্ধ করার দাবি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে দমন-পীড়ন ও ভয়ভীতির রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, মত প্রকাশের কারণে মানুষকে ধরে আনা হচ্ছে এবং দেশে আবার আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ গঠনের পর এখন পর্যন্ত অন্তত নয়টি ঘটনায় মত প্রকাশের কারণে মানুষকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই, ফেসবুকে ভয় ছাড়াই মত দিতে চাই।
তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনে মামলা দেওয়া হচ্ছে এবং সমালোচনা করলেই হয়রানির শিকার হতে হচ্ছে। এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবার অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং গেস্টরুম-গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নেতা তৈরির হাতিয়ার হবে না; এগুলো গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হওয়া উচিত।
তিনি সমাজে ‘সিলেক্টিভ’ সমালোচনার প্রবণতার কথাও তুলে ধরেন। তার ভাষায়, প্রভাবশালী গোষ্ঠীর ক্ষেত্রে সমালোচনা ভিন্নভাবে দেখা হলেও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে একই বিষয় গুরুত্ব পায় না।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিভাজনের রাজনীতি কোনো দলের জন্যই মঙ্গলজনক নয়। নির্মূল, দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি ফিরে এলে দেশের জন্য তা ক্ষতিকর হবে এবং অতীতে পরাজিত শক্তিগুলোই লাভবান হবে।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে মনোযোগী হতে হবে। সংসদকে কার্যকর ও গণমুখী করতে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
বিষয়: ## সংসদে হাসনাত আবদুল্লাহ





ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
বিতর্কিত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সাংবিধানিক বিতর্ক
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবি: নিখোঁজ ২ 
